
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া থেকে বিরত থাকার জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশনায় কোনো সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
দূতাবাস জানায়, অসাধু ব্যক্তি বা চক্র সাদা কাগজে নেওয়া স্বাক্ষর বা টিপসই ব্যবহার করে আর্থিক প্রতারণা, জাল দলিল তৈরি, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি অজান্তেই ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত জটিলতার মুখোমুখি হতে পারেন।
এ অবস্থায় কোনো ধরনের লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে এর বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে ও যাচাই করার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
প্রবাসীদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।